গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় বারডেম হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি অনিয়মিত রক্তচাপ সংক্রান্ত জটিলতায় ভুগছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেলার ফরিদুর রহমান রুবেল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল থেকে অধ্যাপক এমএ মান্নানের রক্তচাপ ওঠা নামা শুরু করে। পরে চিকিৎসকের পরামর্শে বিকাল পৌনে ৪টার দিকে তাকে ঢাকার বারডেমে প্রেরণ করা হয়।
মেয়র মান্নান আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন বলে তিনি জানান।
সূত্রে জানা গেছে, মেয়র মান্নান কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। তার পা ফুলে গেছে। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ রয়েছে। মাত্রাতিরিক্ত ডায়াবেটিসের জন্য তাকে দিনে চার বার ইনসুলিন নিতে হয়।
মেয়র মান্নানকে বর্তমানে ৮টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে দুটি মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।