সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য বৃত্তি কার্যক্রম সিটি ব্যাংকের

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য সিএসআর কর্মসূচির আওতায় বৃত্তি প্রদান করা হচ্ছে।  
 
সিটি ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) তার স্থানীয় সহযোগী দৈনিক গ্রামের কাগজের সহায়তার এ প্রকল্প বাস্তবায়ন করছে।  
 
যশোরের বসতপুরে স্কুল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারার বিষয়টি প্রমাণিত হয়েছে। পরিকল্পিত সিএসআর কার্যক্রম সাশ্রয়ী, প্রয়োজন ভিত্তিক ও গোষ্ঠী কেন্দ্রীক যা দারিদ্র বিমোচনে সহায়ক।
 
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. শরিফুল আলম; যশোর জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন; দি সিটি ব্যাংক লিমিটেড এর এফভিপি এন্ড হেড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস মোহাম্মদ জহিরুল ইসলাম, পিএমপি; দৈনিক গ্রামের কাগজ এর সম্পাদক মবিনুল ইসলাম মবিন এবং এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। 
 
ড. মো. হুমায়ুন কবীর দরিদ্র শিশুদের জন্য আয়োজিত এ বৃত্তি কার্যক্রমকে স্বাগত জানান। তিনি বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সিটি ব্যাংকের এই উদ্যোগ ব্যবসায়ীদের সিএসআর কর্মসূচির একটি সফল দৃষ্টান্ত।
 
সংবাদ বিজ্ঞপ্তি।