শ্রীলঙ্কায় ১৮ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশটির উত্তরাঞ্চল জুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এক সপ্তাহ আগে বিদ্যা সিভায়োগানাথম নামের ওই স্কুল ছাত্রীকে কয়েক জন মিলে ধর্ষণের পর হত্যা করে। খবর-বিবিসির।
বিক্ষোভকারীরা বুধবার উত্তরাঞ্চলের প্রধান শহর জাফনায় একটি আদালতে হামলা চালায়। এসময় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ সরকারের উচ্চ মহলের প্রশ্রয় পেয়ে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। ফলে অহরহই ঘটছে এ ধরনের ঘটনা। এই ঘটনার প্রতিবাদে জাফনার সব ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ রয়েছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু ধর্ষিতা ওই ছাত্রীকে বাঁচাতে ব্যর্থ হওয়ায় পুলিশকে দোষারোপ করছে বিক্ষোভকারীরা। আটক একজন সন্দেহভাজন ধর্ষকের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা।