পুঁজিবাজারে সূচক বেড়েছে কমেছে লেনদেন

 
 
পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই প্রবণতা দেখা গেছে। 
 আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গতকাল দিনের শুরু থেকেই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। তবে দিনের শেষ দিকে কিছুটা কমে এসেছে। 
 গত ১২ কার্যদিবসে ডিএসইর সার্বিক মূল্য সূছক প্রায় ৫০০ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন পরিস্থিতি বেশ আশাব্যঞ্জক পরিস্থিতিতে রয়েছে। 
 এদিকে বাজারে শুধু জ্বালানি খাতেই ২০৮ কোটি টাকা লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ২৬ শতাংশেরও বেশি। 
 এছাড়া আর্থিক খাতের কোম্পানিগুলোতে দর বৃদ্ধির প্রবণতা ছিল সবচেয়ে বেশি। সাধারণ বিমা খাতের কোম্পানিগুলোর দাম বেড়েছে সাড়ে তিন শতাংশেরও বেশি। ব্যাংক বহির্ভুত আর্থিক খাতের কোম্পানিগুলোর দাম বেড়েছে আড়াই শতাংশ। আর ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর দাম বেড়েছে প্রায় দুই শতাংশ। 
 তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। 
 ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৭৯ কোটি ৭৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩ কোটি ১২ লাখ টাকা কম। 
 
লেনদেনকৃত ৩০৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। 
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮২১ পয়েন্টে দাঁড়িয়েছে। 
 
লেনদেন হয়েছে ৬৪ কোটি ৮৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২২টির কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের।