১১৬তম নজরুলজয়ন্তী উপলক্ষে চারদিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে নজরুল একাডেমি। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন কবির পুত্রবধূ উমা কাজী ও নাতনি খিলখিল কাজী।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান।
এ সময় একাডেমির দুই সহ-সভাপতি আখতার ইউসুফ ও আবদুল হান্নান, প্রচার সম্পাদক রেজা মতিন, নির্বাহী সদস্য আবদুল মুকিত চৌধুরী, ইমাম হোসেন চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ২৫ মে সোমবার পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নজরুলজয়ন্তীর অনুষ্ঠান চলবে।
প্রথম দিন উদ্বোধনী পর্বশেষে নজরল সঙ্গীত নিয়ে গবেষণাধর্মী আলোচনায় অংশ নেবেন নজরুল সঙ্গীত শিল্পী ইয়াকুব আলী খান, অধ্যাপক নাশিদ কামাল, সুজিত মুস্তাফা ও খিলখিল কাজী।
দ্বিতীয় দিন শনিবার নজরুল একাডেমির শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা-উপজেলার শিল্পীরা পরিবেশন করবেন নজরুল সঙ্গীত। তৃতীয় দিন রবিবার প্রথম পর্বে নজরুল একাডেমির শিক্ষার্থীদের মানোন্নয়নমূলক অনুষ্ঠান পরিবেশনের পর শুরু হবে নজরুলের রচনাবলী থেকে পাঠ ও কবিতা আবৃত্তি।
দ্বিতীয় পর্বে থাকবে নজরুল নৃত্যালেখ্য। সমাপনী দিন সোমবার সকাল ৭টায় জাতীয় কবির সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।
বিকেল সাড়ে ৫টায় সমাপনী আয়োজনে নজরুল সঙ্গীত পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচজন শব্দসৈনিককে ‘সম্মাননা-২০১৫’ দেয়া হবে।