সরকারের সিদ্ধান্ত অমান্য করে পাকিস্তান সফরে জিম্বাবুয়ে দল!

 
সরকারের সিদ্ধান্ত অমান্য করেই পাকিস্তান সফরে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। স্থানীয় 'ডেইলি নিউজ' পত্রিকায় বৃহস্পতিবার প্রকাশিত খবরে এমনটাই বলা হয়েছে। এমনকি জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি)পাকিস্তান সফরে আসার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে দেশটির স্পোর্টস এন্ড রিক্রিয়েশন কমিশন (এসআরসি)।
 
জেডসি, এসআরসি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য  সফরে এসেছে। এসআরসি এক বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তার কারণে এসআরসি সফরের অনুমতি না দেয়া সত্ত্বেও জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান যাওয়ায় আমরা শঙ্কিত।’
 
‘জিম্বাবুয়ে ক্রিকেটের এমন সিদ্ধান্ত নেয়া সত্ত্বেও আমাদের প্রার্থনা তারা যেন স্বাভাবিক অবস্থায় দেশে ফিরে আসে। আমরা পাঁচ ম্যাচ সিরিজে তাদের সাফল্যও কামনা করছি।’ তবে ভবিষ্যতে এমন ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে জিম্বাবুয়ে ক্রিকেটকে সতর্ক হওয়ার পরামর্শ দেয় এসআরসি।—বাসস