সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কেঁড়াগাছি সীমান্তে বিপরীতে ভারতের তারালী বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ এক রাউন্ড গুলি করে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কেঁড়াগাছি সীমান্তের গ্রামবাসীরা জানায়, গতকাল কয়েকজন চোরাকারবারি ভারত থেকে পণ্যসামগ্রী নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কেঁড়াগাছি গ্রামের মজুমদার খালের কাছে এসে ঝোপের আড়ালে পালানোর চেষ্টা করে। এ সময় টহলরত বিএসএফ তাদের লক্ষ করে গুলি করে।
উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জানান, বিএসএফ গুলি করেছে। তবে বাংলাদেশ অভ্যন্তরে নয়। চোরাচালানিদের তাড়া করে তাদের পাকড়াও করতে না পেরে ক্ষিপ্ত হয়ে তারা গুলি চালায়।
পরে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কেঁড়াগাছি সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের নিয়ে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়।