কুমিল্লার চৌদ্দগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা কাঁকড়ী নদীর পাড় এখন প্রভাবশালীদের অবৈধ দখলে। উপজেলার মিয়াবাজার এলাকায় নদীপাড় দখল করে নির্মাণ করা হয়েছে দোকান-পাটসহ বিভিন্ন স্থাপনা।
জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর নির্মিত কাঁকড়ী সেতু। সেতুর পাশ ঘেঁষে পশ্চিম দিকে নদীর পাড় দিয়ে রাস্তা রয়েছে। স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে নদীর পাড় দখল ও নদীর অংশ ভরাট করে নির্মাণ করেছে প্রায় অর্ধশত আধাপাকা দোকান-পাট ও বিভিন্ন স্থাপনা। ফলে সরু হয়ে গেছে কাঁকড়ী নদী। এতে ঐতিহ্যবাহী এ নদী দিনে-দিনে মরা খালে পরিণত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ না নিলে নদীর বিস্তীর্ণ দুই পাড় ক্রমে অবৈধ দখলদারদের কবলে পড়ে অস্তিত্ব হারাবে এবং এ নদী নির্ভর কৃষি ও সেচ কাজ বাঁধাগ্রস্ত হয়ে বিশাল জনগোষ্ঠী প্রাকৃতিক বিপর্যয়সহ ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করছে এলাকাবাসী।