পঞ্চগড়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

 
সদর উপজেলার চারমাইল এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ ছয়জন নিহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এই দুর্ঘটনার শিকার হন তারা।
 
তারা হলেন- জলা সদরের সাতমেরা ইউনিয়নের জামুড়িবাড়ী গ্রামের জয়েনউদ্দিনের পুত্র আমিরুল ইসলাম (৩৬), তার স্ত্রী জেসমিন আক্তার (২৫), মেয়ে অর্পি (৬) ও চাচি নার্গিস আক্তার (৩৫), অটোরিকশার চালক মোস্তাফিজুর রহমান (৩০) এবং আরেক যাত্রী মনির।
 
এ ঘটনায় আহত দুলালী নামের এক শিশুকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতমেরা ইউনিয়নের ইউপি সদস্য গোলাম রসুল তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। জগদল থেকে পঞ্চগড়ে আসা একটি অটোরিকশাকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
 
পঞ্চগড় সদর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।