দুই ভাইয়ের দ্বন্দ্বে প্রাণ গেল এক কিশোরের

 
গাইবান্ধার সাদুল্লাপুর জমি সংক্রান্ত বিষয়ে আপন দুই ভাইয়ের দ্বন্দ্বে প্রাণ হারালো প্রতিবেশী এক কিশোর। তার নাম সুশীল চন্দ্র মহন্ত (১৫)।
 
পুলিশ ও এলাকাবাসীরা জানান, ঐ এলাকার এখলাছ উদ্দিন মুন্সির সাথে তার আপন ছোট ভাই মোখলেছ উদ্দিনের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এনিয়ে থানা ও আদালতে একাধিক মামলা আছে। সম্প্রতি এর জের ধরে দুই পরিবারের মধ্যে মারামারি হয়। এরপর মোখলেছ প্রকাশ্যে এখলাসের ছেলে আব্দুল হান্নানকে হত্যার হুমকি দেয়। ভয়ে হান্নান বেশকিছু দিন থেকে প্রতিবেশী নিখিল চন্দ্র সরকারের বাড়িতে রাতযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে ঘটনার রাতে মোখলেছ ও তার ভাড়াটে লোকজন আব্দুল হান্নানকে হত্যা করার জন্য নিখিলের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট করতে থাকে। টের পেয়ে গ্রামবাসী ডাকাত ডাকাত বলে চিত্কার করলে হান্নান দৌড় দিয়ে তাদের হাত থেকে রক্ষা পায়।
 
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) জয়নুল আবেদিন জানান, এ সময় সুশীল ও তার কাকা মনিক চন্দ্র মহন্তও ডাকাত ডাকাত বলে চিত্কার করে ঘর থেকে বেড়িয়ে রাস্তায় এসে তাদের সামনে পরে। দুর্বৃত্তরা সুশীলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মানিককে মারপিট করে পালিয়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুশীল মারা যায়।
 
নিহত সুশীল চন্দ্র ঐ গ্রামের নারায়ণ চন্দ্র মহন্তের ছেলে। গুরুতর আহত একই গ্রামের এখলাছ উদ্দিন মুন্সির ছেলে আব্দুল হান্নানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিক চন্দ্র মহন্তকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
 
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর মোখলেছ ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। তবে পুলিশ তাদের গ্রেফতার করতে তত্পর রয়েছে।