বিএনপির আন্দোলন চলছে চলবেই: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাকশাল হটিয়ে জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন সে গণতন্ত্রের জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।
 
শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
 
তিনি বলেন, যতদিন পর্যন্ত হারানো গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবেই। খালেদা জিয়ার নেতৃত্বে এ আন্দোলন চলছে এবং চলবে। দেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনা প্রয়োজন উল্লেখ করে এজন্য দেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন ব্যারিস্টার মওদুদ।
 
মওদুদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। সিপাহী-জনতার অভ্যুত্থানে সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তার প্রমাণ জিয়া রাষ্ট্র পরিচালনায় এসে সামরিক আইন জারি করেননি, সংবিধান স্থগিত করেননি, সংসদ ভেঙে দেননি। সংবিধান মেনে তিনি রাষ্ট্র চালিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, গণতন্ত্রের বিকাশ ঘটিয়েছেন।
 
মওদুদ  বলেন, শহীদ জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্রে তার মৃত্যু হয়। জিয়া নিজে থেকে ক্ষমতায় আসেননি। তিনি ক্ষমতা দখলও করেননি। ৭ নভেম্বর দেশে কোনো সামরিক ক্যু হয়নি। জনগণ জিয়াউর রহমানকে ক্ষমতায় নিয়ে আসে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও পরবর্তীতে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার কারণে মানুষ জিয়াকে যুগ যুগ ধরে স্মরণ করবে।