খিলগাঁওয়ে ভেজাল ওষুধ কারখানা সিলগালা, মালিক কারাগারে

গবাদি পশু ও হাঁস-মুরগীর ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত খান ফার্মা নামে এক প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতার করেছে র‌্যাব-২ সদস্যরা। 
 
গ্রেফতার  মো. কামরুজ্জামানকে (৩৮) ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে এক বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
 
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. মনির উদ্দিন ও র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
 
র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল এস এম মাসুদ রানা জানান, গত বৃহস্পতিবার রাতে খিলগাঁয়ের ২২৭/২ হাইওয়ে রোডের খান ফার্মায় অবৈধ ও ভেজাল পোল্ট্রি ওষুধ উৎপাদন এবং মজুদের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাব সদস্যরা কারখানার মালিক কামরুজ্জামানকে গ্রেফতার করে।
 
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান জানান, দুই বছর ধরে তিনি ভেজাল ওষুধের ব্যবসা পরিচালনা করে আসছেন। ওষুধ ব্যবসা পরিচালনা করার কোনো বৈধ লাইসেন্সও নেই তার। ওষুধের প্যাকেটের গায়ে দেশি-বিদেশি নামি দামি ব্র্যান্ডের কোম্পানির লেভেল লাগিয়ে বাজারজাত করার কথাও স্বীকার করেন তিনি।