অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্যাস মূল্যবান সম্পদ। এটা দিয়ে কলকারখানা পরিচালিত হয়। নতুন করে এখন আর কেউ গ্যাস সংযোগ পাবে না। আবাসিক নাকি শুধু কারখানায় গ্যাস সংযোগ দেয়া হবে না এব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি। এই মুহূর্তে দেশে বিদ্যুতের কোন সংকট নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ আছে। নতুন চাহিদা মেটাতে আরো বিদ্যুতের উত্পাদন বাড়াতে হবে। তিনি বলেন, মানুষের দাবি এখন খুব বেশি নেই। শুধু দাবি বিদ্যুৎ ও গ্যাসের। মন্ত্রী বলেন দেশের মোট জনসংখ্যার ৬৭ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। ২০২১ সালের মধ্যে দেশের সকল মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো আমরা।
মন্ত্রী শুক্রবার বিকালে শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের ধলইপাড়ায় স্যোশাল ডেভেলপম্যান্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে গ্রাম সমিতির নবনির্মিত ৪টি অফিস ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এসডিএফ একটি সফল প্রকল্প। এটা গ্রাম পর্যায়ে সফলতা লাভ করেছে। দেশে এসডিএফ এর কার্যক্রম আরো ৬ বছর চলবে।
জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক এজেডএম সাখাওয়াত হোসেন, পরিচালক সৈয়দ এফতার হোসেন পিয়ার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল প্রমুখ।