ডেমরায় ডোবা থেকে গলিত লাশ উদ্ধার

রাজধানীর ডেমরার সাইনবোর্ড এলাকার ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে গলিত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার পর পানিতে ফেলা হয় বলে ধারণা পুলিশের।

 

ডেমরা থানার এসআই রফিকুল ইসলাম জানান, সাইনবোর্ড এলাকার কিওর ডায়াগনস্টিক সেন্টারের অদূরে রাস্তার পাশের ডোবায় লাশটি ভেসে ওঠে। পচা দুর্গন্ধ ছড়াতে শুরু করলে পথচারীরা পুলিশকে বিষয়টি জানান। মৃতের পরনে শুধু শার্ট ছিল। লাশ পচতে শুরু করায় তার হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ তার পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।