বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গণতন্ত্রের জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। খালেদা জিয়ার নেতৃত্বে এ আন্দোলন চলছে এবং চলবে।
গতকাল শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি।
মওদুদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। সিপাহী-জনতার অভ্যুত্থানে সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তার প্রমাণ জিয়া রাষ্ট্র পরিচালনায় এসে সামরিক আইন জারি করেননি, সংবিধান স্থগিত করেননি, সংসদ ভেঙে দেননি। জিয়া নিজে থেকে ক্ষমতায় আসেননি। ক্ষমতা দখলও করেননি। ৭ নভেম্বর দেশে কোনো সামরিক ক্যু হয়নি। জনগণ জিয়াউর রহমানকে ক্ষমতায় নিয়ে আসে।
১৫ দিনের কর্মসূচি
সংবাদ সম্মেলনে মরহুম প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী (৩০ মে) উপলক্ষে পনের দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীসহ সারাদেশে ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। তিনি জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ২৭ মে আলোচনা সভা করবে মহিলা দল। এরপর ২৮ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে। ওই দিন দেশের সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়েও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে। পরদিন ২৯ মে-ও থাকছে দেশব্যাপী আলোচনা সভা। ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মাজার প্রাঙ্গণে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান প্রমুখ।