কুমিল্লার হোমনায় ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লার হোমনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জজ মিয়া (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত জজ মিয়া হোমনা সদর পশ্চিম পাড়ার আনোয়ার আলীর পুত্র। 
 
শনিবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
 
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোমনা উপজেলা সদরের বাস স্ট্যান্ড চত্বরে দুর্বৃত্তরা জজ মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে গভীর রাতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। নিহত জজ মিয়ার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। 
 
হোমনা থানার ওসি মো. কামরুজ্জামান সিকদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।