দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে দুইজন।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হলদীবাড়ী রেলগেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হাকিমপুর (হিলি) স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সর্দার ট্রেডার্সের স্বত্বাধিকারী হযরত আলী (৩৯) ও তার কর্মচারী রনি ইসলাম (১৮)। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হযরত আলী জানান, হাকিমপুর এলাকা থেকে ৪১ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে নীলফামারীর সৈয়দপুর শাখা ইসলামী ব্যাংকে যাচ্ছিলেন তিনি। এসময় কর্মচারী রনি তার সঙ্গে ছিলেন।
মোটরসাইকেলটি পার্বতীপুরের বার্মা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন যুবক তাদের অনুসরণ করে। পরে হলদীবাড়ী রেলগেট বাজার এলাকায় আসলে পেছন দিক থেকে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এক যুবক তার গলায় ছুরি ধরে কর্মচারী রনির কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে ৩৩ লাখ টাকা ছিল। তবে আরও ৮ লাখ টাকা নিজের শরীরে বেঁধে রাখায় তারা সেগুলো নিতে পারেনি।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।