সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কোনাবাড়ি এলাকায় শনিবার দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নিহতদের একজন আসাদুল (৩৫) গাইবান্ধা জেলার সাঘাটা এলাকার মফিজ উদ্দিনের ছেলে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানিয়েছেন, বেলা ৩টার দিকে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী টিন বোঝাই একটি ট্রাক ওই স্থানে পৌঁছলে সামনের চাকা ফেটে গিয়ে বিস্ফোরণ ঘটলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় গাইবান্ধা থেকে ঢাকাগামী অন্তর পরিবহনের কোচের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল এন্টারপ্রাইজের অপর একটি কোচ পেছন থেকে অন্তর পরিবহনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার পথে আরো চার জন মারা যায়। পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। শহর থেকে দমকল বাহিনীও ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে অংশ নেয়।
দুর্ঘটনার পর এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে সিরাজগঞ্জ শহর হয়ে বিকল্প পথে যানবাহন চালাচল করছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।বর্তমানে দুর্ঘটনা কবলিত বাস সরানোর কাজ চলছে।