ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ধর্মঘটের ডাক

ঢাকা-মাওয়া মহাসড়কে রবিবার বাস ধর্মঘটের ডাক দিয়েছে মাওয়া বাস মালিক কল্যাণ সমিতি ও বাংলাদেশ সড়ক ফেড়ারেশন শ্রমিক ইউনিয়ন(৪৯৪)। 
 
শিমুলিয়া ঘাটে বাস প্রতি ৪০ টাকা টোল আদায় ও ‘স্বাধীন’ নামে একটি পরিবহনকে অনিয়মের পরও চলাচলের অনুমতি দেয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে।  তবে দূর পাল্লার বাস চলাচল এ ধর্মঘটের আওতামুক্ত থাকবে।
 
মাওয়া মাস মালিক কল্যাণ সমিতির নেতা গোলাম গাউস অভিযোগ করে বলেন, ঢাকা-মাওয়া মহাসড়ক সৃষ্টির পর হতে এ রুটে এ ধরনের কোন টোল আদায়ের নজির ছিলনা। বিআইডব্লিউটিএ সম্প্রতি অবৈধভাবে বিআইডব্লিউটিএর পাকিং ইয়ার্ড ইজারা দিয়ে এখন বাস থেকে টোল আদায় শুরু করেছে। তাই অবৈধ এ টোল আদায়ের প্রতিবাদে রবিবার ঢাকা-মাওয়া রুটে চলাচলরত ১২টি বাস মালিক পক্ষ একমত হয়ে এ ধর্মঘটের ডাক দিয়েছি। 
 
শনিবার বাংলাদেশ সড়ক ফেড়ারেশন শ্রমিক ইউনিয়নের সংগঠনিক সম্পাদক আলী আকবর বাবুলের সভাপতিত্বে এক সভায় এ অবৈধ টোল আদায় ও নিয়ম বহির্ভূত স্বাধীন পরিবহনকে চলাচলের অনুমতি প্রদানের প্রতিবাদ জানিয়ে ঢাকায় টোয়েনবি সার্কুলার রোডে ফেডারেমনের র্কাালয়ে এক প্রতিবাদ সভা হয়। 
 
এতে  বক্তব্য রাখেন- প্রচেষ্টা পরিবহনের চেয়ারম্যান নোমান মিয়া, আপন পরিবহনের এডি বকুল খান, ডিএম পরিবহনের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, গুনগুন পরিবহনের চেয়ারম্যান নাহিদ হোসেন প্রমূখ।
 
এ ব্যাপরে শিমুলিয়া পার্কিং ইয়ার্ডের ইজারাদার লুৎফর রহমান তালুকদার জানান, বিআইডব্লিউটিএ এ পার্কিং ইয়ার্ডের ইজারা আহ্বান করলে টেন্ডারের মাধ্যমে ইজারাদার নির্বাচিত হয়ে সরকারের নির্ধারিত ৪০ টাকা হারে টোল আদায় শুরু করেছি।
 
বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, বিআইডব্লিউটিএ সরকারের সকল নিয়ম-কানুন মেনে এ ঘাটের ইজারা দেয়। এটি অবশ্যই বৈধ ইজারা। আগের ঘাটগুলোতে বিআইডব্লিউটিএ সব ধরনের সুযোগ সুবিধা দিতে না পারায় এ টোল আদায় করেনি। কিন্তু সরকারের অনেক টাকা খরচ করে বিআইডব্লিউটিএ শিমুলিয়া নতুন ঘাটে ব্যাপক সুযোগ সুবিধা দিয়ে ঘাট নির্মাণ করেছে। তাই নিয়ম অনুযায়ী টোল আদায় করা হচ্ছে। যা সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক হবে।