চৌদ্দগ্রামে যুবলীগ কর্মীর গলা কাটা লাশ উদ্ধার

জেলার চৌদ্দগ্রাম উপজেলায় আমানগন্ডার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তর থেকে রিপন (২৫) নামে এক যুবলীগ কর্মীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এলাকাবাসীর সহযোগিতায় বিএসএফ ও বিজিবি এ লাশ উদ্ধার করে। রিপন দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি সীমান্তবর্তী এলাকা উপজেলার শালুকিয়া গ্রামের আবদুল হকের ছেলে।
 
বিজিবি সূত্রে জানা গেছে, বিকেলে সীমান্তবর্তী ভারতীয় কাঠালিয়া থানার রাজনগর এলাকার একটি গর্তে নিহত ব্যক্তির হাত দেখতে পায় স্থানীয়রা। তারা বিএসএফকে খবর দেয়। পরে বিএসএফ ও বিজিবি লাশটি উদ্ধার করে।
 
যুবলীগ নেতা মাসুম বিল্লাহ জানান, রিপন স্থানীয় যুবলীগের সদস্য ছিলেন।  রিপনের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। 
 
রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের রাজনগর ক্যাম্পের বিএসএফর কোম্পানি কমান্ডার শ্রী মনজ কুমার ও বাংলাদেশের ১০নং ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার গোলাম মাওলার উপস্থিতিতে লাশ হস্তান্তরের জন্য পতাকা বৈঠক চলছে।