বিএনপি আবার সমস্যা সৃষ্টির চেষ্টা করতে পারে : প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  বিএনপির মোটেও গণতন্ত্রে বিশ্বাস করে না। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের জনগণ মানবসৃষ্ট যে দুর্যোগের অভিজ্ঞতা লাভ করেছে, তা আবার আসবে না তা মোটেও নিশ্চিত নয়। সমস্যা সৃষ্টি ও জনজীবন বিঘ্নিত করার জন্য বিএনপির যে কোনো প্রয়াস সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহবানও জানান তিনি।

প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন এবং শহীদ শামসুন্নেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন, জনগণের সমর্থন লাভে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত জোট। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে অগণতান্ত্রিক প্রচেষ্টা চালিয়ে ছিল তারা। কিন্তু ব্যর্থ হয়েছে।

শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সনকে তার বাড়িতে ফিরে যেতে এবং দুর্নীতি মামলায় আদালতে উপস্থিত হতে বাধ্য করায় দেশবাসীকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশের উন্নয়নের জন্য কিছুই করেনি। আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছি তখন তারা সমস্যার সৃষ্টি করছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, স্বাস্থ্য সচিব মঞ্জুরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের সেবা করার জন্য ক্ষমতায় এসেছে। এ লক্ষ্যেই সকল উন্নয়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। আমাদের সরকার দেশের জনগণকে একটি সমৃদ্ধ জীবন দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর বাসস।