সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রবিবার ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সয়াবিন তেলের ড্রাম বোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে মেরামতের জন্য দাঁড়ানো ছিল। এ সময় একই দিক থেকে আসা অপর একটি অক্সিজেনের সিলিন্ডার বোঝাই ট্রাক দাড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিলিন্ডার বোঝাই ট্রাকের চালক ও কেবিনে থাকা অপর চার যাত্রীসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেবার পথে চালকসহ তিনজন মারা যায়।

অন্য দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ২টি জব্দ করেছে।

উল্লে­খ্য, শনিবার দুপুরে মহাসড়কের একই স্থানে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।