মেসির জোড়া গোলেও জয় বঞ্চিত বার্সেলোনা

 
মেসির জোড়া গোলেও লা লিগার শেষ ম্যাচে দুর্বল প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা। এই ম্যাচের মধ্য দিয়ে লা লিগা ক্যারিয়ারের ইতি ঘটলো বার্সেলোনা অধিনায়ক জাভির।
 
শনিবার বার্সেলোনার মাঠ কাম্প নউতে ম্যাচের শুরু থেকেই গ্যালারিজুড়ে ছিল জাভির নামে স্লোগান। এই ম্যাচে বার্সেলোনা অধিনায়ক পায়ে বল পেলেই করতালি আর চিত্কার দিয়ে সমর্থন জানিয়েছেন সমর্থকরা। ম্যাচের পঞ্চম মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে রাফিনিয়ার মাপা ক্রসে হেড করেন আর্জেন্টিনা অধিনায়ক। ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মাঝমাঠের কাছে ফাঁকায় বল পেয়ে বাঁ দিক থেকে এগিয়ে ডি-বক্সের ভেতর মেসিকে পাসটি দিয়েছিলেন নেইমার।
 

৬৭তম মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে জোরাল শটে গোল করে দলকে ম্যাচে ফেরান লুকাস পেরেস। আর ৭৬তম মিনিটে দিয়োগো সালোমাওয়ের গোলে সমতায় ফেরে দেপোর্তিভো। মূল্যবান ১ পয়েন্ট নিয়ে লা লিগা থেকে অবনমন হওয়া থেকে বেঁচে যাওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন দোপোর্তিভো লা করুনার খেলোয়াড় ও কর্মকর্তারা।

এ্ক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হওয়ায় বার্সেলোনার জন্য এই ম্যাচটি খুব একটা গুরুত্বপূর্ণ  ছিল না।