ভারতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার বাংলাদেশের নার্গিস বেগমের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নার্গিসের মরদেহের ময়না তদন্ত চেয়ে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার এ আদেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশকে নার্গিসের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্ত করে ১৬ জুনের মধ্যে এর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। একই দিনের মধ্যে ভারত থেকে নার্গিসের মরদেহ বাংলাদেশে হস্তান্তরের সময় পাওয়া কাগজপত্র দাখিল করতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।
গত বুধবার নিহত নার্গিসের মামী রাহেলা বেগম ও মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এ রিট আবেদনটি দায়ের করেন মানবাধিকার কর্মী ও আইনজীবী এলিনা খান।