কুষ্টিয়ার খোকসা উপজেলায় ফারুক আহাম্মেদ হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তেদর এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন বিচারক।
রবিবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমঙ্গীর হাসান এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মুনসুর আলী, খোকন হোসেন, আইয়ূব আলী, সাহেব আলী, আজিজুল হক ও অসিত কুমার পাল। এদের সবার বাড়ি খোকসার আমালাবাড়ি গ্রামে।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১১ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় আমলাবাড়ি গ্রামের মনছের শেখের ছেলে ফারুক হোসেনকে পূর্ব বিরোধের জের ধরে আসামিরা দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরদিন স্থানীয় একটি মাঠে তার লাশ পাওয়া যায়।
এঘটনায় ফারুক হোসেনের চাচাতো ভাই লিটন হোসেন বাদী হয়ে খোকসা থানায় হত্যা মামলা দায়ের করেন।