৬ দিনের পরিবহন ধর্মঘটে ভারত ফেরত যাত্রীরা দুর্ভোগে

সোহাগ পরিবহনের একজন গাড়ি চালককে আটকের ঘটনায় টানা ৬ দিনের পরিবহন ধর্মঘটের সুরাহা হয়নি এখনো। ফলে বেনাপোলে যাএীরা বেশ দুর্ভোগে পড়েছেন। প্রতিদিন ভারত থেকে ফিরে আসা হাজার হাজার যাত্রী বাসে টিকিট না পেয়ে বিকল্পভাবে দেশের বিভিন্ন স্থানে ফিরে যাচ্ছে। অসহায় এসব যাত্রীদের জিন্মি করে এক শ্রেণির ট্যাক্সি ও মাইক্রোবাস চালক হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। জন প্রতি প্রায় ৩ হাজার টাকা আদায় করা হচ্ছে ঢাকায় আসতে। অথচ বাসের এ দূরত্বের ভাড়া মাত্র পাঁচ’শ টাকা। অনেকের কাছে টাকা না থাকায় বাড়ি ফেরার জন্য কম মূল্যে বিক্রি করতে হচ্ছে বিভিন্ন মূল্যবান মালামাল। কবে নাগাদ পরিবহন ছাড়বে স্পষ্ট করে বলছে না এখানকার পরিবহন শ্রমিকরা। ফলে অনিশ্চিত এ ধর্মঘট নিয়ে বিভ্রান্তিতে আছে যাত্রী সাধারণ।
 
রবিবার সকালে ভারত থেকে ফিরে আসা সাভারের হেমায়েতপুরের পাসপোর্ট যাত্রী লিয়াকত আলী ১৪ হাজার টাকায় একটি গাড়ি ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগ মূহুর্তে এ প্রতিনিধিকে বলেন, গত ৬ দিন পরিবহন ধর্মঘটে অচল অবস্থার সৃষ্টি হলেও এদিকে কর্তৃপক্ষের নজর না দেয়াটা অত্যন্ত দু:খজনক।
 
বেনাপোল সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম জানান,  সরকার কি ব্যবস্থা নেন আমরা আর একদিন দেখব। প্রয়োজনে আমাদের সাথে পরিবহন শ্রমিকরা এ ধর্মঘটে যোগ দেবে।