দিনাজপুরে ঝড়ে ৪ জনের মৃত্যু

দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ঘুর্ণিঝড়ে দেয়াল ধসে ও গাছ চাপা পড়ে অন্তঃসত্ত্বা নারী ও নানা-নাতিসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। উপড়ে গেছে বিপুল সংখ্যক গাছ। বৈদুত্যিক খুঁটি উপড়ে গিয়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
 
শনিবার দিবাগত রাতে দিনাজপুর সদর, ফুলবাড়ী, চিরিরবন্দর, নবাবগঞ্জসহ কয়েকটি উপজেলায় দুদফায় এ ঘূর্ণিঝড়ে এসব ঘটনা ঘটে। এ সময় গাছ উপড়ে পড়ায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। 
 
নিহতরা হলেন, ফুলবাড়ী উপজেলার খয়েরপুকুর গ্রামের মুকুল চন্দ্র রায়ের অন্তঃসত্ত্বা স্ত্রী মিতু রায় (২২), নবাবগঞ্জ উপজেলার হাতিশাল গ্রামের মৃত মোশারফ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৬০) ও তার নাতি সাব্বির (৮) এবং চিরিরবন্দর উপজেলার কামারপাড়া গ্রামের মৃত. সবেত আলীর স্ত্রী আলেয়া বেগম (৬৫)।  
 
দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দেয়া হবে। ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী দিতে তালিকা করা হচ্ছে।