আন্দোলনের নামে জামায়াত-বিএনপি ৯২ চালক-সহকারীকে হত্যা করেছে: নৌ মন্ত্রী

নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'গত আড়াই বছরে জামায়াত-বিএনপি তথাকথিত 'অবরোধ, হরতাল এবং নির্বাচন বয়কট' আন্দোলনের নামে ৯২ জন চালক ও সহকারীকে হত্যা করেছে। এছাড়াও ১৭ জন পুলিশ সদস্য, তিনজন বিজিবি জওয়ান ও দুইজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে।'
 
রবিবার বিকেলে পঞ্চগড় আদর্শ মহিলা আলিম মাদ্রাসা মাঠে জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা উপলক্ষে আয়োজিত সমাবেশের বক্তব্যে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
 
মন্ত্রী বলেন, ‌'গণহত্যা করে খুনিতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। সুতরাং আমরা বাংলাদেশে খুনিতন্ত্র প্রতিষ্ঠা করতে দিতে পারি না।' 
 
এতগুলো খুন করে কি পেলো বিএনপি-জামায়াতের প্রতি এমন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, 'খালেদা জিয়াকে তার উপদেষ্টারা কি উপদেশ দেন তা আমি জানি না। তবে কিছু উপদেষ্টা, স্থায়ী কমিটির নেতা আছেন যারা কখন কি বলেন আমিই তা বুঝি না। কিছু নেতা আছেন কাছিমের মতো। সুযোগ পেলে গলাটা বের করেন আবার লোক দেখলে মাথাটা ঢুকিয়ে ফেলেন।' 
 
জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেনু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সংসদ সদস্য শিরীন আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।