ধর্মঘটে জিম্মি যাত্রীরা, পরিবহন খাতে অস্থিরতা

 
 
যাত্রীদের জিম্মি করে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। সোহাগ পরিবহনের আটক চালক, হেলপার ও  চেকারকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামীকাল সোমবার থেকে নড়াইলসহ রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের হুমকি দিলেও  রবিবার তা স্থগিতের ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সোমবার সকাল ৬টা  থেকে সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন। এছাড়া নড়াইলসহ খুলনা বিভাগ ও কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের ফলে উত্তরবঙ্গ  থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে  গেছে। ফলে  জেলা শহরের বাসস্ট্যান্ডে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। ধর্মঘট অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন তারা। দ্রুত এসব সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
 
এদিকে রাঙামাটি-খাগড়াছড়ি এলাকায় ৭২ ঘণ্টার মধ্যে অংছিলা মারমার হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামী মঙ্গলবার  থেকে খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি। সব মিলিয়ে  গোটা পরিবহন  সেক্টরের কাছে দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রায় ৪ কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে ও জেলা প্রতিনিধিনের দেয়া তথ্যে এসব খবর পাওয়া গেছে।
 
এই পরিবহন ধর্মঘট অযৌক্তিক বলে রবিবার দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
 
তার মতে, গত ১৮ মে ফরিদপুরে সোহাগ পরিবহনে ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ ও যাত্রীদের অভিযোগের ভিত্তিতে চালককে গ্রেপ্তার করা হয়েছে। এরপরও যাত্রীদের জিম্মি করে ধর্মঘট ডাকা অযৌক্তিক।