এফবিসিসিআইয়ে উন্নয়ন পরিষদের নিরঙ্কুশ জয়

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশেন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নির্বাচনে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন ‘উন্নয়ন পরিষদ’ সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছেন। অ্যাসোসিয়েশন গ্রুপের ১৬ জন পরিচালকের মধ্যে ১৩ জন বিজয়ী হয়েছেন উন্নয়ন পরিষদ থেকে। আর চেম্বার গ্রুপের ১৬ জন পরিচালকের মধ্যে ১২টি পদে জয়ী হয়েছে এ গ্রুপ।

 
গতকাল রবিবার সকালে অ্যাসোসিয়েশন গ্রুপের এবং শনিবার রাতে চেম্বার গ্রুপের বিজয়ীদের নাম প্রাথমিকভাবে ঘোষণা করেছেন নির্বাচন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ। শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে দুই হাজার ২০২ জন ভোটার ছিলেন। অ্যাসোসিয়েশন গ্রুপের এক হাজার ৭৬৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৫৩৩ জন। অন্যদিকে চেম্বার গ্রুপে ৪১৮ জন ভোটার ভোট দিয়েছেন। এ গ্রুপে ভোটার ছিলেন ৪৩৬ জন।
 
অ্যাসোসিয়েশন গ্রুপে বিজয়ী
 
নির্বাচন বোর্ড চেয়ারম্যান জানান, এক হাজার ৯৩ ভোট পেয়ে অ্যাসোসিয়েশন গ্রুপে প্রথম হয়েছেন মো. হেলাল উদ্দিন। যিনি উন্নয়ন পরিষদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। অ্যাসোসিয়েশন গ্রুপে মোট ৩৩ জন প্রার্থী ছিলেন। অ্যাসোসিয়েশন গ্রুপে অন্য বিজয়ীরা হলেন- নিজাম উদ্দিন রাজেশ (১০৭৮ ভোট), হারুন অর রশিদ (১০৪৫), শামীম আহসান (১০৩৮), আবু মোতালেব (১০১৮), হাবিবুল্লাহ ডন (১০১২), কে এম আখতারুজ্জামান (৯৭৬), শোয়েব চৌধুরী (৯৭০), মো. মুনতাকিম আশরাফ (৯৬৭), এস এম জাহাঙ্গীর (৯৬৫), আবু নাসের (৯৫১), আবুল আয়েস খান (৯৩৮), খোন্দকার রুহুল আমীন (৯০৬), আমীন হেলালী (৯০৪), শাফকাত হায়দার (৮৯০) ও শফিকুল ইসলাম ভরসা (৮৮৯)। এ ১৬ জনের মধ্যে আবুল আয়েস চৌধুরী, খোন্দকার রুহুল আমীন ও শাফকাত হায়দার ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে নির্বাচন করেছেন। বাকিরা উন্নয়ন পরিষদের।
 
চেম্বার গ্রুপের বিজয়ী
 
চেম্বার গ্রুপ থেকে পরিচালক প্রার্থী ছিলেন ৩০ জন। এ গ্রুপে সবচেয়ে বেশি ভোট (৩৩৫) পেয়ে বিজয়ী হয়েছেন আমিনুল হক শামীম। এছাড়া দিলীপ কুমার আগারওয়াল ৩১৮, গাজী গোলাম আসরিয়া ৩১২, শেখ ফজলে ফাহিম ২৯৬, নিজাম উদ্দিন ২৯৫, মনোয়ারা হাকিম আলী ২৯৩, প্রবীর কুমার সাহা ২৮৫, নূরুল হুদা মুকুট ২৬৪, হাসিনা নেওয়াজ ২৫৫, নাগিবুল ইসলাম দিপু ২৪৯, মাসুদ পারভেজ খান ইমরান ২৪৬, বজলুর রহমান ২৪০, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ২৩৯, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটো ২৩৩ ও রেজাউল করীম রেনজু ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ১৫ জনের মধ্যে মনোয়ারা হাকিম আলী, মাসুদ পারভেজ খান ইমরান ও তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটো স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচন করেছেন। বাকিরা উন্নয়ন পরিষদ থেকে নির্বাচনে অংশ নিয়েছে।
 
চেম্বার গ্রুপে ১৬তম পরিচালক পদে সমান ভোট পেয়েছেন দু’জন। তারা মনোয়ারা হাকিম আলীর প্যানেলের। তারা ২০৫ ভোট পেয়েছেন। এ দু’জন হলেন- কোহিনুর ইসলাম ও মোহাম্মদ মাসুদ। নির্বাচন কমিশনার আলী আশরাফ এ বিষয়ে বলেছেন, নির্বাচনী বিধি অনুযায়ী এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
 
প্রসঙ্গত, নির্বাচিত এসব পরিচালকের বাইরে ১০টি করে বিশেষ চেম্বার ও অ্যাসোসিয়েশন রয়েছে যাদের থেকে একজন করে প্রতিনিধি এফবিসিসিআই’র পরিচালনা পর্ষদে মনোনীত পরিচালক হিসেবে অংশ নিবেন। ৫২ জন পরিচালক নিয়েই গঠিত হবে এফবিসিসিআইয়ের পরিচালনা বোর্ড। নির্বাচিত ও মনোনীত পরিচালকরাই পরিচালনা পর্ষদের সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। বিধি অনুযায়ী এবার চেম্বার গ্রুপ থেকে সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত হবেন। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হবেন। আজ সোমবার এ তিনটি পদে নির্বাচন হবে।
 

এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এগুলো হলো- নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ, সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, ড. কাজী এরতেজা হাসান ও শাফকাত হায়দারের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদ এবং এফবিসিসিআইয়ের বর্তমান সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ। উন্নয়ন পরিষদ অ্যাসোসিয়েশন ও চেম্বার দুই গ্রুপ থেকেও প্রার্থী দিলেও ব্যবসায়ী ঐক্য পরিষদ শুধু অ্যাসোসিয়েশন গ্রুপ ও স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ কেবল চেম্বার গ্রুপ থেকে প্রার্থী দিয়েছিল। এবার যেহেতু চেম্বার গ্রুপ থেকে সভাপতি হবেন তাই উন্নয়ন পরিষদের নেতা আবদুল মাতলুব আহমাদ আগামী মেয়াদে সভাপতি হবেন সেটা নিশ্চিত হয়েছে।