রাজধানীতে প্রকাশ্যে গুলি করে ৩৩ লাখ টাকা ছিনতাই

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব রক্ষককে গুলি করে ৩৩ লাখ ২২ হাজার ২৫০ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার মগবাজার এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সেলিম আক্তার বড় মগবাজারের অ্যাকোয়া মেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডের হিসাবরক্ষক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একই প্রতিষ্ঠানের অপর হিসাব রক্ষক পিন্টু রঞ্জন দাস বাদী হয়ে রমনা থানায় মামলা করেছেন।

 
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে গতকাল পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ অভিযান চলছে।
 
পিন্টু রঞ্জন দাস বলেন, তারা দু’জন বড় মগবাজারস্থ অ্যাকোয়া মেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডের হিসাবরক্ষণ কর্মকর্তা। দুপুর সোয়া একটার দিকে দু’টি ব্যাগে করে কোম্পানির টাকা নিয়ে তারা হেঁটে ব্র্যাক ব্যাংকে যাচ্ছিলেন। তাদের অফিস থেকে ব্যাংকের দূরত্ব একশ’ গজের মতো হবে।
 

তিনি বলেন, তারা দু’জন বড় মগবাজারের ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এবং তাদের কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় সেলিম আক্তার তার কাছে থাকা ব্যাগ নিয়ে টানাহেঁচড়া করে। দুর্বৃত্তরা সেলিমের পায়ে গুলি করে তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগগুলো ছিনিয়ে নিয়ে তিনটি মোটর সাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।