মাহমুদুল্লাহ রিয়াদের দল ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চল শিরোপা লড়াইয়ে না থাকলেও বিশ্বকাপের পর আবার ব্যাটসম্যানটির ফর্মে ফেরা স্বস্তি দিল ক্রিকেটামোদীদের। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল রবিবার শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান তিনি। তার এই সংগ্রহে কেন্দ্রীয় অঞ্চল ব্যাটিং বিপর্যয়ে পড়েও আট উইকেটে ২৭৮ রান তুলতে সক্ষম হয়। অপরদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী জাতীয় স্টেডিয়ামে শিরোপার অঘোষিত ফাইনালের উদ্বোধনী দিনে ইসলামী ব্যাংক মধ্যাঞ্চলের বিরুদ্ধে দুই উইকেটে ২৭২ রান তুলেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
চট্টগ্রামের এই দুই দলের মধ্যে যারা পয়েন্টে এগিয়ে যাবে তারাই পাবে শিরোপা। এমন পরিস্থিতিতে টপ অর্ডারদের নৈপুণ্যে প্রথম দিনেই সুবিধাজনক অবস্থান তৈরি করে নিয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ব্যাট হাতে ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস ও মো. মিথুনের হাফসেঞ্চুরিতে দৃশ্যত শিরোপা লড়াইয়ে এগিয়ে গেল দক্ষিণাঞ্চল। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে সেঞ্চুরি হাঁকানো ইমরুল খেলেন ৫৬ রানের ইনিংস। সকালের বৃষ্টির জন্য ৭৩ ওভারে নেমে আসা দিনের খেলা শেষ হওয়ার সময় জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস ৭৯ ও মিথুন ৮৮ রানে অপরাজিত ছিলেন। আজ ম্যাচের দ্বিতীয় দিন।
মিরপুরে মাহমুদুল্লাহর সেঞ্চুরি পাওয়ার খবর অবশ্য চট্টগ্রামের ম্যাচটির প্রতিদ্বন্দ্বিতাকেও ছাপিয়ে যায়। কেননা পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডেতে তিনি মাত্র ২৬ রান করেছিলেন। বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল্লাহ পাকিস্তানের বিপক্ষে নিজের সুনাম ধরে রাখতে পারেননি। তাই কিছুটা সমালোচনারও মুখে পড়েছিলেন। কাল সেঞ্চুরি করে ভারতের বিপক্ষে সিরিজের প্রাক্কালে আবার নিজেকে জানান দিলেন জাতীয় দলের এই অলরাউন্ডারটি।
বিশ্বকাপের পর আবার হাসলো তার ব্যাট। চার নম্বরে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ খেলেন ১১৩ রানের ইনিংস। তার পাশাপাশি ৮৭ রানের ইনিংস খেলেন মার্শাল আইয়ুব।
আগামী মাসে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত সিরিজের প্রাক্কালে প্রস্তুতির জন্য জাতীয় দলের অনেক ক্রিকেটারই বিসিএলের শেষ রাউন্ডটিতে খেলছেন। যদিও ইনজুরির কারণে অংশ নিচ্ছেন না টেস্ট অধিনায়ক মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মতো তারকারা। বাকি তারকাদের মধ্যে প্রথম দিনে নজর কাড়লেন ফর্মে ফিরতে মরিয়া মাহমুদুল্লাহ।
সংক্ষিপ্ত স্কোর
ভেন্যু: মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম
টস জয়: ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চল
ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চল ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭৮/৮ (মাহামুদুল্লাহ রিয়াদ ১১৩, মার্শাল আইয়ুব ৮৭, রকিবুল হাসান ১২, মেহরাব জুনিয়র ১৯; তাইজুল ইসলাম ৪/১০৫)।
ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: ১ম ইনিংস: ৭৩ ওভারে ২৭২/২ ( ইমরুল কায়েস ৫৬, এনামুল হক বিজয় ৩৯, শাহরিয়ার নাফিস ৭৯*, মো. মিথুন ৮৮*)।