রজার ফেদেরার দারুণ এক জয়ে নিজের টানা ৬২তম গ্র্যান্ড স্ল্যামে যাত্রা শুরু করেছেন। প্যারিসে গতকাল ফ্রেঞ্চ ওপেনের উদ্বোধনী দিনে ফেদেরার ৬-৩, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন আলেযান্দ্রো ফেলাকে। জিতেছেন তার স্বদেশী সুইস স্তানিস্লাস ওয়ারিঙ্কাও। তবে চোটের কারণে নিজেকে তুলে নিতে বাধ্য হয়েছেন রাশিয়ার শীর্ষ বাছাই মিখাইল ইয়ুজনি।
অন্যদিকে, নারী এককেও প্রত্যাশিত জয় দিয়ে যাত্রা শুরু করেছেন দুই বাছাই সিমোনা হালেপ এবং একাতেরিনা ম্যাকারোভা।
দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন এবং অষ্টাদশ গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে চলতি বছর প্যারিসে পা রাখা ফেদেরারের অভিজ্ঞতা আর দক্ষতার সঙ্গে পেরে ওঠেননি ফেলা। এ নিয়ে ফেলার বিরুদ্ধে আট খেলার আটটিই জিতলেন এই সুইস তারকা। ম্যাচে ফেদেরারকে এগিয়ে নেয় মূলত দুরন্ত গতির সব সার্ভ। পাশাপাশি নিজের ট্রেডমার্ক ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ড। ফলে দ্বিতীয় রাউন্ডে পা রাখতে দু’ঘন্টার বেশি ঘাম ঝরাতে হয়নি এই ৩৩ বছর বয়সী তারকার।
মাটির কোর্টের একমাত্র গ্র্যান্ড স্ল্যামটিতে ৭৭ ম্যাচে এটি ফেদেরারের ৬২তম জয়। আর চলতি বছরের ২৬তম। ২০০৯ সালে রাফায়েল নাদালের অনুপস্থিতিতে এখানে নিজের একমাত্র সাফল্যের দেখা পাওয়া ফেদেরার দ্বিতীয় রাউন্ডে খেলবেন মার্সেল গ্রানোলারসের বিরুদ্ধে। প্রথম রাউন্ডে তিনি হারিয়েছেন ম্যাথিয়াস ব্যাসিনগারকে।
এবছর এখন পর্যন্ত তিনটি শিরোপা জিতে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা ফেদেরার রোল্যা গ্যারোর প্রস্তুতিমূলক টুর্নামেন্ট বলে পরিচিত রোম মাস্টার্সেও খেলেছেন ফাইনালে।
ফেদেরার মত তার স্বদেশী ওয়ারিঙ্কাও প্রথম রাউন্ডে জয় পেয়েছেন সহজেই। ৬-৩ গেমে প্রথম সেট জিতে তুরস্কের ৮২তম র্যাঙ্কিংধারী ইলহানের বিপক্ষে ভালোই শুরু করেন ওয়ারিঙ্কা। দ্বিতীয় সেটেও ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রেখে ৬-৩ গেমে জিতে ম্যাচে ডাবল লিড নেন ওয়ারিঙ্কা। আর তৃতীয় সেট ৬-৩ গেমে দ্বিতীয় রাউন্ডে নাম লেখান ওয়ারিঙ্কা।
সব কিছু ঠিক থাকলে কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে দুই বন্ধুর।
তবে বিগ ফোরের অন্য তিনজন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ কিংবা অ্যান্ডি মারের চেয়ে নিজেকে ভাগ্যবান মানতেই পারেন ফেদেরার। কারণ ড্রতে এই তিনজনই পড়েছেন অন্য অর্ধে। ফলে তাদের সঙ্গে ফাইনালের আগে দেখা হবার সম্ভাবনা নেই তার। সবকিছু বিচার করে নিজের জন্য ইতিবাচক একটা টুর্নামেন্টই দেখছেন ফেদেরার, ‘বেশ কয়েকবারই আমি ফাইনাল খেলেছি। সুতরাং আমি জানি এখানে আমার ভাল করার সম্ভাবনা কতটুকু। মনে হয় এই বিষয়টিও আমাকে সাহায্য করবে। তাছাড়া এই মুহূর্তে ভাল ছন্দে আছি। যদি সবকিছুর সার্থক সমন্বয় ঘটানো যায় অবশ্যই ভাল একটা টুর্নামেন্ট আশা করছি আমি।’
এই প্রতিবেদন লেখার সময় ফ্রান্সের পিয়েরে ম্যাথিউর বিরুদ্ধে ৬-৩, ৬-৫ গেমে এগিয়ে ছিলেন পঞ্চম বাছাই কেই নিশিকরি।
জয়ে টুর্নামেন্ট শুরু করেছেন জার্মানির ফিলিপ কোলস্ক্রাইবারও। তবে ২০১০ আসরের কোয়ার্টার ফাইনালিস্ট ইয়ুজনি দুই সেট হেরে তৃতীয় সেট শুরুর আগেই নাম প্রত্যাহার করেন দামির ঝুমুরের বিরুদ্ধে।
এদিকে, গত বছরের রানার আপ হালেপ ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন ইভেনজিনিয়া রোদনিয়াকে। দ্বিতীয় রাউন্ডেও তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাচ্ছেন তিনি। তবে প্রতিপক্ষ কিংবা ম্যাচের ফলাফল বিচার না করে গ্র্যান্ড স্ল্যামের মতো বড় একটি টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করতে পারাকেই বড় করে দেখতে চাইলেন হালেপ। তৃতীয় বাছাই এই রুমানিয়ান বলেন, ‘সবসময়ই নতুন কোন টুর্নামেন্টে শুরুতেই নিজেকে মানিয়ে নেয়া কঠিন। তবে প্যারিসে ফিরতে পেরে খুবই ভাল লাগছে আমার। গত বছরের দারুণ সব সুখের অনুভূতি আছে আমার।’ এটিপি এবং এএফপি