স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন নিপীড়নের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল রবিবার জোটের মিছিলে পুলিশ বাধা দিলে একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেয়।

 
গতকাল সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মিছিলটি দোয়েল চত্বরে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে। পরে দুপুর ১২টার দিকে পুলিশ একটি প্রতিনিধি দলকে মন্ত্রণালয়ের দিকে যাওয়ার অনুমতি দিলে জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করে।
 
এ সময় গোলাম কুদ্দুছ বলেন, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঘটনায় আমরা লজ্জিত। আইন-শৃঙ্খলা বাহিনী, মিডিয়া ও দেশের সচেতন নাগরিকের সহায়তায় আট যৌন নিপীড়কদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে। 
 

নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে না। দাবি আদায় না হলে দেশের সাংস্কৃতিক কর্মীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণাও দেন তিনি। এ সময় দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসাবে জোটের পক্ষে ১ থেকে ৩ জুন পর্যন্ত পথ নাটক, গণসঙ্গীত এবং কবিতা আবৃত্তির আয়োজনের ঘোষণা দেন।