সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' ২ 'বনদস্যু' গুলিবিদ্ধ


সুন্দরবনে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' 'বনদস্যু করিম বাহিনী'র প্রধান আবদুল করিম ও তার সহযোগী আল আমিন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার গভীর রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকায় এই 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।

আহত আবদুল করিম চাঁদনিমুখা গ্রামের আবুল বাসারের ছেলে। আল আমিন একই গ্রামের এলাহি বকসের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি ইনামুল হক জানান, রবিবার গভীর রাতে বনদস্যু আবদুল করিম ও  আল আমিনের স্বীকারোক্তি অনুযায়ী তাদের নিয়ে পুলিশের একটি দল সুন্দরবনের খোলপেটুয়া ও চুনা নদীর মধ্যবর্তী স্থানে একটি আস্তানায় অভিযানে যায়। সেখানে পৌঁছানোর সাথে সাথে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আবদুল করিম ও আল আমিন পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় বনদস্যুদের গুলিতে এসআই নাজমুল, এসআই এমরান ও কনস্টেবল সোনা মিয়া আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, গুলি ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
ওসি আরো জানান, এ ঘটনায় করিম ও আল আমিনসহ অজ্ঞাত ১২/ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে রবিবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খলিসাবুনিয়া এলাকা থেকে বনদস্যু করিম বাহিনীর প্রধান করিম ও তার সহযোগী আল আমিনকে আটক করে স্থানীয় জনতা পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় তিনটি করে মামলা রয়েছে।