নারী নির্যাতন প্রতিরোধে ‘প্রীতিলতা ব্রিগেড’


নারী নির্যাতন প্রতিরোধে ‘প্রীতিলতা ব্রিগেড’ গঠন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এর আহ্বায়ক করা হয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাকী আক্তারকে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির করার কথা উল্লেখ করে বলেন, বর্ষবরণের পর থেকে দেশে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটেছে। সমাজে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই নারী নির্যাতন প্রতিরোধে ছাত্র ইউনিয়ন ‘প্রীতিলতা ব্রিগেড’ গঠন করেছে। এ ব্রিগেড দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।