শাবি ছাত্রীকে উত্ত্যক্ত-মারধর

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। রিফাত আদনান পাপন নামে ব্যবসা প্রশাসন বিভাগের ওই ছাত্রের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। 
 
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক জানান, রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
 
পাপন ক্যাম্পাসে দোকান ভাঙচুর ও এক বিদেশি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে এর আগেও দুইবার বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। 
 
ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদ বলেন, অর্থনীতি বিভাগের ওই ছাত্রী প্রধান ফটকে তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। এ সময় পাপন এসে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার পর এক পর্যায়ে তাকে মারধর শুরু করে।
 
পরে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে বলে জানান তিনি।
 
লিখিত অভিযোগ পেলে ওই ছাত্রের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।