রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষণ: জড়িতদের গ্রেফতারের নির্দেশ

 
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় মূল অপরাধী শাহ আলমসহ জড়িতদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
 
একই সঙ্গে ১৫ জুনের মধ্যে এই নির্দেশ বাস্তবায়নের জন্য রাঙ্গুনিয়া থানার ওসিকে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
 
এছাড়া এই ঘটনায় একটি ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে এজাহার হিসেবে গ্রহণ করতেও পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
 
এছাড়া একটি রুলও জারি করেছে হাইকোর্ট। রুলে নির্যাতিতার পক্ষ থেকে রাঙ্গুনিয়া থানায় মামলা না নেয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
 
চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রামের পুলিশ সুপার, রাঙ্গুনিয়া থাকার ওসি ও এসআইকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় শাহ আলমের বিরুদ্ধে। কিন্তু তিনি প্রভাবক খাটিয়ে কিশোরীর আপন ভাইয়ের বিরুদ্ধে জবানবন্দি দিতে বাধ্য করে।
 
এ ঘটনায় ২৩ মে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন যুক্ত করে রবিবার রিট আবেদন করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি নিজেই রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।