জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দু'টি ম্যাচে জিতেছে পাকিস্তান। তবও দলের পারফরম্যান্সে খুশি নন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস। কারণ দু’টি ম্যাচেই কষ্ট করে স্বাগতিকদের জিততে হয়েছে। আর এটাই তার মাথা ব্যাথার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ওয়াকার বোলারদের নিয়েও দুঃশ্চিন্তায় আছেন। দুই ম্যাচেই প্রতিপক্ষরা আগে ব্যাটিং করে ১৭০ এর উপর রান তুলেছে। প্রথম ম্যাচে ১৭২ এবং দ্বিতীয় ম্যাচে ১৭৫ রান করে জিম্বাবুয়ে। আর এই দুই ম্যাচেই জিততে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে পাকিস্তানকে।
দ্বিতীয় টি-টোয়েন্টি জেতার পর ওয়াকার বলেন, আমরা প্রত্যাশা করছিলাম, এই ম্যাচগুলো জিতব, কিন্তু এত কঠিন ম্যাচের কথা ভাবিনি। হয়তো আমরা জিতেছি, কিন্তু কোনোরকম আনন্দ উল্লাসের অনুভূতি ছাড়াই। এর চেয়ে আমরা ভালো দল।
প্রথম ম্যাচে ৫ উইকেটে জেতার পর দ্বিতীয়টিতে ২ উইকেটের নাটকীয় জয় পায় পাকিস্তান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দু’টি ম্যাচেই অনুষ্ঠিত হয়।
পাকিস্তান-জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী মঙ্গলবার হবে।