চট্টগ্রামে পরাজিত তিন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের দু’জনসহ তিনজন কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন। গতকাল সোমবার চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা তিনটি দায়ের করা হয়। ওই আদালতের দায়িত্বে থাকা দ্বিতীয় যুগ্ম জেলা জজ বাহাউদ্দিন আহমদ মামলা তিনটি গ্রহণ করেন।

 

মামলা দায়েরকারী প্রার্থীরা হচ্ছেন: সংরক্ষিত নারী আসন-১ এর সাবেক কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী, ২২নং ওয়ার্ডের চারবারের নির্বাচিত কাউন্সিলর আবদুল মালেক ও ৩৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আদালত সূত্র জানায়, বহিরাগতদের দিয়ে ভোটকেন্দ্র দখল, প্রার্থীকে মারধর, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, মনোনয়নপত্রে সম্পত্তির তথ্য গোপন এবং জালভোটের অভিযোগ এনে কাউন্সিলর প্রার্থীরা মামলা করেছেন। মামলাটি হয়েছে সর্বশেষ সিটি করপোরেশনের উপরোক্ত ৩টি ওয়ার্ডে বিজয়ী ওয়ার্ড কাউন্সিলরদের বিবাদী করে। মামলায় ঐ সমস্ত ওয়ার্ডে নির্বাচন বাতিল করে পুনরায় ভোট গ্রহণেরও আবেদন জানানো হয়েছে।