সাময়িক বরখাস্ত হলেন ৫ জনপ্রতিনিধি

নাশকতা-সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে বগুড়া, নাটোর ও ময়মনসিংহ জেলার তিন উপজেলা চেয়ারম্যান, একজন পৌর মেয়র ও একজন ভাইস চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগ বরখাস্ত সংক্রান্ত সরকারি আদেশ জারি করে।

 
স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক ইত্তেফাককে জানান, সন্ত্রাস ও নাশকতার মামলায় অভিযুক্ত হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইনের বিধান অনুযায়ী মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে।
 
যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তায়েবুর রহমান, নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল হক, নলডাঙা উপজেলা চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন, বগুড়ার শেরপুর পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডুু এবং বগুড়ার শিব্গঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ।
 
নাটোর সংবাদদাতা জানান, হত্যাসহ কয়েকটি ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপিপন্থি দুই উপজেলা চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত দুই উপজেলা চেয়ারম্যানই আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলমের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় দায়ের করা হত্যাসহ মোট ছয়টি ফৌজদারি মামলার অভিযোগপত্র এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে।
 

বরখাস্তদের মধ্যে বনপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আলম, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বনপাড়া পৌরসভার সাবেক মেয়র। তিনি বর্তমানে বড়াইগ্রাম থানা বিএনপির সভাপতি। অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন নলডাঙ্গা থানা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক।