বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি, গানের বুলবুল, প্রেমের কবি, দ্রোহের কবি, রবীন্দ্রোত্তর বাংলার সবচেয়ে শক্তিমান কবি- এমন নানা ভূষণে-উপাধিতে পরিচিত কাজী নজরুল ইসলাম। তার সৃষ্টি-কর্মে মানবপ্রেম ও দেশপ্রেমের বাণী উচ্চারিত হয়েছে প্রবলভাবে। সেই মানবপ্রেম ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে গতকাল সোমবার পালিত হয়েছে বিদ্রোহী কবির ১১৬তম জন্মবার্ষিকী। রাজধানীসহ দেশের সকল জেলায় তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন।
এ বছর জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তীর প্রধান অনুষ্ঠান ছিল করিব স্মৃতিবিজড়িত কুমিল্লার টাউন হল মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দৌলতপুর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানেও ছিল বর্ণাঢ্য আয়োজন।
গতকাল ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় জমান সকল শ্রেণী ও পেশার মানুষ। কবির পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ভোরে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ এবং শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনও পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকাল পৌনে ৭টার দিকে কাজী নজরুল ইসলামের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সকালে কবির মাজার প্রাঙ্গণে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, বাংলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক বেগম আকতার কামাল বক্তব্য রাখেন। নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৌমিত্র শেখর অনুষ্ঠান সঞ্চালন করেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, কবি নজরুল যে মৃত্যুঞ্জয়ী তার প্রমাণ হলো, আজ আমরা যখনই কোনো সাংস্কৃতিক সংকটে পড়ি তখনই আশ্রয় খুঁজি তার কবিতায়। তিনি সব সময়ই আমাদের কাছে অনুপ্রেরণার উত্স।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নজরুল মনস্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজের অসাম্য, সাম্প্রদায়িকতা, অন্যায় ও অবিচার দূর করতে নজরুল যুবক ও তরুণ সমাজকে প্রাণশক্তি দিয়েছেন।
পুষ্পে-শ্রদ্ধায় কবিকে স্মরণ
গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় কবির মাজার প্রাঙ্গণে ভিড় জমান বিভিন্ন শ্রেণী-পেশা-বয়সের মানুষ। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। সকালে কবি পরিবারের পক্ষে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কবি-নাতনী খিলখিল কাজী, পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের পক্ষে দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবা মশকুর, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আক্তার, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক ওয়াদুদুল বারী চৌধুরী প্রমুখ। কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নজরুল একাডেমি, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, নজরুল ইনস্টিটিউট, জাতীয় কবিতা পরিষদ, উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু কবিতা পরিষদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), বাংলা বিভাগ, নজরুল গবেষণা কেন্দ্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সর্বধর্মীয় কবিতা পরিষদসহ বিভিন্ন দল ও সংগঠন।
নজরুল চর্চায় বিকৃতি
দূর করার আহ্বান
বিশিষ্টজনরা বলেছেন, নজরুল সাহিত্য চর্চায় একশ্রেণীর স্বার্থান্বেষী গোষ্ঠী বিকৃতি ঘটাচ্ছে। এ বিকৃতি দূর করতে সচেতন দেশপ্রেমিক ও নজরুল গবেষকদের একসঙ্গে কাজ করতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দিনব্যাপী জাতীয় সেমিনারে বিশিষ্টজনরা এ কথা বলেন। নজরুল গবেষণা কেন্দ্র আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
শিল্পকলা একাডেমিঃ একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনের নজরুল উত্সব। এদিন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ভাষা সংগ্রামী আহমদ রফিক এবং অধ্যাপক ড. করুণাময় গোস্বামী। আলোচনা শেষে সমবেত সঙ্গীত ‘মোরা ঝঞ্জার মতো উদ্দাম’ ও ‘শুকনো পাতার নূপুরে’ গানটি পরিবেশন করে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের শিশুশিল্পীরা।
নজরুল একাডেমিঃ একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ছিল নজরুল একাডেমির চারদিনের অনুষ্ঠানমালার সমাপনী দিন। এদিন সাংস্কৃতিক পর্বে একক সঙ্গীত পরিবেশন করেন খালিদ হোসেন, মইদুল ইসলাম, সেলিম রেজা, বদিউজ্জামান, মাজহারুল ইসলাম, সেহেলী জাহান, ড. মাহজাবিন রহমান শাওলী, করিম শাহাবুদ্দিন প্রমুখ। আলোচনা সভায় অংশ নেন মুস্তাফা জামান আব্বাসী। সভাপতির বক্তব্য দেন একাডেমির সভাপতি ড. আশরাফ সিদ্দিকী। নজরুল বিষয়ক গবেষণাধর্মী গ্রন্থ ‘গদ্যশিল্পী নজরুল’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির অধ্যক্ষ খালিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান।