কাশেমপুর ব্রিজের গোড়ায় মাটি না থাকায় দুর্ভোগ

ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের ঘিওর-সিংজুরী-তিল্লী সড়কের কাশেমপুর ব্রিজের গোড়ায় মাটি না থাকায় জনগণের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়ক দিয়ে তিনটি ইউনিয়নের প্রায় ৪০ হাজার লোক যাতায়াত করে থাকে। 
 
২০০৪ সালে ঘিওর উপজেলা এলজিইডি প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করে। কিন্তু বন্যা এবং অতি বৃষ্টির কারণে ব্রিজটির দুই পাশের ইটের সোলিং করা রাস্তা ধসে যায়। এছাড়া এ সড়কের প্রায় ১ কি.মি. রাস্তা দীর্ঘদিনেও মেরামত না করায় এ রাস্তা দিয়ে চলাচলরত ধামশ্বর, তিল্লী ও সিংজুরী ইউনিয়নের প্রায় ৪০ হাজার জনগণকে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
সিংজুরী ইউপি চেয়ারম্যান আ. রশিদ মিয়া জানান, কাশেমপুর ব্রিজের গোড়ার মাটি এবং রাস্তাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাটি নির্মাণের জন্য এলজিইডিসহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তারা বলেছে, অল্পদিনের মধ্যেই মেরামতের ব্যবস্থা করা হবে।