বাংলাদেশের সাবিনা খাতুন আবার মালদ্বীপের মহিলা ফুটবলে মাতাচ্ছেন। এটি তার দ্বিতীয় দফায় মালদ্বীপে খেলতে যাওয়া। আগের দফায় সেখানকার ফুটসাল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ পুলিশের হয়ে ৩৭ গোল করেছিলেন তিনি।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে গতকাল সাবিনার দল ন্যাশনাল ডিফেন্স ফোর্স মালদ্বীপ ফুটবল এসোসিয়েশনের উইমেন চ্যাম্পিয়নশিপের খেলায় ১০-০ গোলে থুনদি এডভান্সমেন্ট রিক্রিয়েশনকে হারিয়েছে। এই ম্যাচে সাবিনা ৭ গোল করেন। বাংলাদেশ থেকে যাওয়া সাবিনার সঙ্গি মিরোনাও গোল করেছেন একটি। দলের গোলকিপার সাবিনা আক্তারও দারুন লড়েছেন বলে জানা গেছে।
দেশের এই তিন নারী ফুটবলার এই প্রতিযোগিতায় খেলতে ১৯ মে মালদ্বীপ যান। এটি শেষ হবে ১৪ জুন। মুলত সাবিনার প্রথম সফরের সাফল্যে মালদ্বীপের ক্লাবটি বাংলাদেশের এই তিন ফুটবলারকে দলভুক্ত করে।