ঢাবি উপাচার্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার শুজা আলম মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন। 
 
পাকিস্তান হাইকমিশনের সাংস্কৃতিক সচিব গালিব রমজান, ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং উর্দু বিভাগের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়সমূহের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া, তারা যৌথশিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি বাস্তবায়ন নিয়েও মতবিনিময় করেন। 
 
পাকিস্তান প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবাল চেয়ার স্থাপনের উপর আগ্রহ প্রকাশ করেন।
 
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ে আসার জন্য বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার শুজা আলমকে ধন্যবাদ জানান। উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।