জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) নয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৮৬৮ কোটি ৫২ লাখ টাকা। এ প্রকল্পের অর্থায়নে কোর্স অব মিলিটারি পুলিশ সেন্টারও নির্মাণ করা হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। এ সময় পরিকল্পনা সচিব সফিকুল আজম, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খান উপস্থিত ছিলেন।
এসব প্রকল্পের সরকারি অর্থায়ন (জিওবি) ২২৭০ কোটি ১৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৩০ কোটি ৯৪ লাখ এবং প্রকল্প সাহায্য ৩৫৬৭ কোটি ৩৯ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, ফিজিবিলিটি স্টাডিসহ খুলনা হতে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প- এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা। জামালপুর শহর বাইপাস সড়ক নির্মাণসহ জামালপুর-ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়ক প্রশস্তকরণ প্রকল্প, এর ব্যয় ৫৬ কোটি ৩৫ লাখ টাকা। স্ট্রেনদেনিং ওমেন এবিলিটি ফর প্রোডাক্টটিভ নিউ অপারচ্যুনিটি (স্বপ্ন) প্রকল্প, এর ব্যয় ৮৫৩ কোটি ৪০ লাখ টাকা।
বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন প্রকল্প, এর ব্যয় ৬৭৮ কোটি ৫১ লাখ টাকা। হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার স্থাপন প্রকল্প, এর ব্যয় ২১৭ কোটি ৬০ লাখ টাকা। বরিশাল সিটি করপোরেশন এলাকার অবকাঠামো উন্নয়নসহ সৌন্দর্যবর্ধন কাজ প্রকল্প, এর ব্যয় ৬১ কোটি ২০ লাখ টাকা।
কন্সট্রাকশন অব কোরস অব মিলিটারি পুলিশ এ্যান্ড স্কুল এ্যাট সাভার ক্যান্টনমেন্ট প্রকল্প, এর ব্যয় ৮৮ কোটি ৫৬ লাখ টাকা। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাটে গুঁড়ো দুগ্ধ কারখানা স্থাপন প্রকল্প, এর ব্যয় ৭৪ কোটি ৮০ লাখ টাকা। ব্রাম্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মানিকনগর এলাকায় মেঘনা নদীর বামতীরে প্রতিরক্ষামূলক কাজ প্রকল্প, এর ব্যয় ৩৬ কোটি ৪৯ লাখ টাকা।