তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সচিব ড. আকবর আলি খান বলেছেন, সরকারি চাকরিতে বাংলাদেশের মতো কোটা সিস্টেম বিশ্বের কোথাও নেই। ধীরে ধীরে কোটা আরও বাড়ছে। এতে মেধাবী ও যোগ্যদের পক্ষে সরকারি চাকরিতে আসা কঠিন হয়ে পড়ছে। তাঁর লেখা ‘গ্রেশামস ল সিন্ড্রম এন্ড বিয়ন্ড এন অ্যানালাইসিস অব বাংলাদেশ বুর্যোক্রেসি’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) সম্মেলন কক্ষে বইটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উম্মোচন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
পিআরআই চেয়ারম্যান ড. জায়েদি সাত্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি সৈয়দ মঞ্জুর এ এলাহী, এম আনিসদ্দৌলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সালাহউদ্দিন এম আমিনুজ্জামানসহ আরও অনেকে।
ড. আকবর আলি খান বলেন, অদক্ষ এবং নিম্ন মজুরি সম্পন্ন আমলাদের দিয়ে ডিজিটাল আমলাতন্ত্র চালানো কঠিন। এজন্য বিভিন্ন ধরনের সংস্কার প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে সংস্কার হচ্ছেও। তবে আরও বিস্তর সংস্কার প্রয়োজন। এক্ষেত্রে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ড. গওহর রিজভী বলেন, এটা সত্য যে, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আমলাতন্ত্রে দক্ষতা ও স্বচ্ছতা আনা সম্ভব নয়। তবে এক্ষেত্রে আমলাদেরও সহযোগিতাপূর্ণ মনোভাবের প্রয়োজন। এছাড়া আমলাদের দক্ষতা উন্নয়নে যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণ দিতে হবে। আমলাদের পদোন্নতি মেধা ও দক্ষতার ভিত্তিতে হওয়া প্রয়োজন। ভাল ও অন্যায় কাজের জন্য পুরস্কার এবং তিরস্কারের ব্যবস্থা থাকা দরকার।
তিনি বলেন, আমলাতন্ত্রের মূল সমস্যা হল আইন পরিপালনে অবহেলা। এ প্রবণতা দূর করতে পারলে দেশ আরও বেশি সেবা পাবে।
বক্তারা বলেন, ষাট ও সত্তরের দশকে সবচেয়ে ভাল ছাত্ররা সরকারি চাকরিতে আসত। এখন অনেকেই কর্পোরেট চাকরিতে যাচ্ছে। এর মূল কারণ হল উচ্চ বেতন। বক্তারা আরও বলেন, বর্তমানে সততা ও দক্ষতার দিক থেকে আমলাতন্ত্র পিছিয়ে যাচ্ছে। সরকারি চাকরিতে অদক্ষতা বৃদ্ধি ও মেধাবীদের আসতে না পারার বড় কারণ হল কোটা সিস্টেম। কোটা সিস্টেমের কারণে অদক্ষরা ঢুকে পড়ছে। কিন্তু যোগ্যরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের রিক্রুটিং সিস্টেম নিয়ে সরকারের ভাবা উচিত। অন্যথায় অদক্ষ আমলাতন্ত্র দেশের উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করবে।