‘পুঁজিবাজার সম্পর্কে জ্ঞানের অভাব বড় দুর্বলতা’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেছেন, পুঁজিবাজারের বড় দুর্বলতা হল বিনিয়োগকারী ও নীতি নির্ধারকসহ সংশ্লিষ্টদের আর্থিক জ্ঞানের অভাব। আর্থিক প্রতিবেদন বিবেচনা না করে অনেকেই গুজবের ভিত্তিতে বিনিয়োগ করেন। বিনিয়োগ করেই স্বল্প সময়ের মধ্যে মুনাফা করতে চান। এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং বণিকবার্তা-র যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশের অর্থনীতি ও পুঁজিবাজারের সমৃদ্ধি বিষয়ক সম্মেলন-২০১৫তে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বণিকবার্তা-র সম্পাদক হানিফ মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। এছাড়া বিশেষে অতিথি হিসেবে ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। আলোচক হিসেবে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, আইসিএবির প্রেসিডেন্ট মসিহ মালিক চৌধুরী। প্যানেল আলোচক হিসেবে ছিলেন ডিএসইর এমডি ও সিইও ড. স্বপন কুমার বালা এবং আইসিবির এমডি মো. ফায়েকুজ্জামান। সিএসইর এমডি ওয়ালি উল মারুফ মতিন প্রবন্ধ উপস্থাপন করেন। আর সমাপনী বক্তব্য রাখেন সিএসইর চেয়ারম্যান ড. আব্দুল মজিদ।  
 
ড. এম খায়রুল হোসেন বলেন, অর্থনীতিতে পুঁজিবাজারের অবদান বাড়াতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। এজন্য বাজারে স্বচ্ছতা ও ডিমিউচুয়ালাইজেশন প্রয়োজন ছিল। তা করা হয়েছে। অন্যদিকে বিনিয়োগ নিরাপদ রাখতে বিনিয়োগকারীদেরকে সচেতন হতে হবে বলে তিনি মনে করেন।
 
ড. মসিউর রহমান বলেন, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ হঠাৎ করে কমানো ঠিক হবে না। ধীরে ধীরে সমন্বয় করতে হবে। এছাড়া মার্চেন্ট ব্যাংক পৃথক প্রতিষ্ঠান হলেও ব্যাংকের এক্সপোজারে মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগকে অন্তর্ভূক্ত করা অযৌক্তিক। বাজারে অতালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগও ব্যাংকের বিনিয়োগ হিসেবে ধরা হয়। এটাও ঠিক না। এ বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের বিবেচনা করা উচিত।
 
ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, বর্তমানে বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা উত্তম। কিন্তু মিউচুয়াল ফান্ড ও মার্চেন্ট ব্যাংকগুলোর সক্ষমতার অভাবের কারণে ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বল্প মেয়াদে বিনিয়োগ করে।
 
মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, অনেক প্রতিষ্ঠানই বাজার থেকে মূলধন তুলে ব্যাংকের ঋণ পরিশোধ করে। ফলে বিনিয়োগ না করায় কোম্পানিগুলোর মুনাফা বাড়ে না। বিনিয়োগকারীদের লংভ্যাংশও দিতে পারে না। এ বিষয়ে বিএসইসির নজর দেয়া প্রয়োজন। এছাড়া কোম্পানিরই আর্থিক প্রতিবেদনে ভুল বন্ধ করতেও এ প্রতিষ্ঠানকে ভূমিকা রাখতে হবে।