ইংল্যান্ডের নতুন কোচ বেলিস

 
ট্রেবর বেলিস প্রথম কোনো অস্ট্রেলিয়ান হিসেবে ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ৫২ বছর বয়সী নিউ সাউথ ওয়েলসের বর্তমান কোচ মে মাসে ইংল্যান্ড দল থেকে বরখাস্ত হওয়া পিটার মুরসের স্থলাভিষিক্ত হবেন। বেলিস এর আগে ২০০৭-২০১১ পর্যন্ত শ্রীলঙ্কা দলের কোচের দায়িত্ব পালন করেন, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া দলের টি-টোয়েন্টি সিরিজে অজিদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন; দায়িত্ব পালন করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সেও।
 
ইংল্যান্ডর দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর বেলিস প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা আমার জন্য সম্মানের। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, দলটি ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।’ অস্ট্রেলিয়ান এই কোচ ইংল্যান্ড দলের দায়িত্ব হাতে তুলে নেবেন জুন মাস থেকে। ইংলিশদের কোচ হিসেবে বেলিসের দায়িত্ব পালন শুরু হবে জুলাই থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাসেজ সিরিজের মাধ্যমে। বেলিস ছাড়াও ইংল্যান্ড দলের কোচের দৌড়ে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জেসন গিলেস্পিসহ বেশ ক’জনের নাম ছিল।—বিবিসি