রিয়াল ম্যানেজার অ্যানচেলত্তি বরখাস্ত

 
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে এবারের মৌসুমে বড় কোনো শিরোপা জেতাতে না পারায় ক্লাবটির ম্যানেজার কার্লো অ্যানচেলত্তিকে গত সোমবার বরখাস্ত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৫৫ বছর বয়সী এই ম্যানেজার জায়গায় নতুন মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে নাপোলির রাফা বেনিতেজকে দেখা যেতে পারে।
 
অ্যানচেলত্তির ছাঁটাই নিশ্চিত করে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যায় বোর্ডের পরিচালকরা অ্যানচেলত্তিকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ সিদ্ধান্তটি অনেক কঠিন ছিলো বলে জানান তিনি, ‘এটা অনেক কঠিন সিদ্ধান্ত ছিলো।.....তাছাড়া আমরা এখানে সহজ সিদ্ধান্ত নেয়ার জন্য আসিনি। প্রতিষ্ঠানটির সর্বোচ্চ ভালোর জন্যই আমাদের এ ধরনের সিদ্ধান্তগুলো নিতে হয়।’
 
পেরেজ আরো বলেন, ‘রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব যেখানে এই পদের জন্য অনেকেই মুখিয়ে থাকে। আমরা বিশ্বাস করি এখন সময় নতুন কাউকে সুযোগ দেবার, যার হাত ধরে আমরা আরো বেশী শিরোপা জিতবো এবং নতুন পর্যায়ে আমরা সর্বোত্তম প্রতিদ্বন্দ্বীতায় ফিরতে পারবো।’
 
রিয়াল সভাপতি জানালেন, অ্যানচেলত্তির জায়গায় নতুন কে আসছেন এ ব্যাপারে ক্লাব আগামী সপ্তাহে ঘোষণা দেবে। তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, লিভারপুল এবং চেলসির সাবেক কোচ বেনিতেজ, যিনি একবার রিয়ালের যুব দলের হয়েও দায়িত্ব পালন করেছেন সেই তাকেই অ্যানচেলত্তির জায়গায় দেখা যেতে পারে। এই দৌড়ে আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন—সদ্য বরুশিয়া ডর্টমুন্ডের দায়িত্ব ছাড়া জার্গেন ক্লপ, রিয়ালেরই সাবেক খেলোয়াড় মিশেল যিনি রিয়ালের ‘বি’ দল, গেটাফে এবং সেভিয়ার কোচের দায়িত্ব পালন করেছেন।